শনিবার ১৫ আগস্ট, ২০২৬

তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ

রিমি আক্তার

Rising Cumilla - Young Bangladesh
ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে বড় শক্তি তরুণরা। তরুণদের চোখে স্বপ্ন থাকে পাখির মতো মুক্ত, আর হৃদয়ে থাকে তেজোদ্দীপ্তময় কিছু করার অদম্য আকাঙ্ক্ষা। তাদের কল্পনায় থাকে নতুন কিছু সৃষ্টি করার প্রত্যয়, মনে থাকে অসম্ভবকে সম্ভব করার সাহস। তারুণ্য মানেই উদ্যম, সম্ভাবনা ও পরিবর্তনের শক্তি।

বাংলাদেশের বাস্তবতায় তরুণরা শুধু জনসংখ্যার একটি অংশ নয়, তারা দেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক পরিবর্তন ও রাষ্ট্রীয় উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। শিক্ষা, প্রযুক্তি, উদ্যোক্তা সৃষ্টি, গবেষণা, প্রশাসন কিংবা সামাজিক নেতৃত্ব প্রতিটি ক্ষেত্রেই তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তবে সম্ভাবনার পাশাপাশি তরুণদের সামনে রয়েছে নানা সংকট। শিক্ষা শেষ করেও কর্মসংস্থানের অনিশ্চয়তা, দক্ষতার ঘাটতি, মানসম্মত প্রশিক্ষণের অভাব, মানসিক চাপ এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা তাদের এগিয়ে যাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে শিক্ষাব্যবস্থা ও কর্মবাজারের চাহিদার মধ্যে সামঞ্জস্যের অভাবও তরুণদের পিছিয়ে দিচ্ছে।

অন্যদিকে, মেধাবী ও দক্ষ তরুণদের একটি অংশ উন্নত শিক্ষা ও কর্মসংস্থানের আশায় বিদেশমুখী হচ্ছে। ব্যক্তিগত ভবিষ্যতের জন্য ভালো সুযোগ খোঁজা স্বাভাবিক হলেও, দক্ষ মানবসম্পদের ধারাবাহিক বিদেশমুখিতা দেশের জন্য দীর্ঘমেয়াদে উদ্বেগের বিষয়।

তাই দেশে সম্মানজনক কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি।তরুণদের উন্নয়ন শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকেও তাদের স্বপ্ন, মেধা ও সৃজনশীলতাকে গুরুত্ব দিতে হবে। তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, সম্ভাবনাময় মানবসম্পদ ও দেশ গড়ার সক্রিয় অংশীদার হিসেবে দেখতে হবে।

কারণ তরুণরা শুধু দেশের ভবিষ্যৎ নয়; তারা বর্তমান বাংলাদেশের শক্তি, সাহস, সৃজনশীলতা ও পরিবর্তনের প্রধান প্রতিনিধি। তাদের স্বপ্নকে সুযোগ এবং মেধাকে সঠিক দিকনির্দেশনা দিতে পারলেই গড়ে উঠবে আরও সমৃদ্ধ, দক্ষ ও সম্ভাবনাময় তরুন প্রজন্মের  বাংলাদেশ।

লেখক: শিক্ষার্থী, লোক প্রশাসন বিভাগ ও সহযোগী সদস‍্য,
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন