
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণে যাতায়াতের জন্যবাস সার্ভিস চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার কামরুল ইসলামসহ কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বাস্তব রূপ দিয়েছে ডাকসু। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি কাজ করার চেষ্টা করছি। শিক্ষার্থীদের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কুমিল্লার উদ্দেশে বাস ছেড়ে যাবে। একইভাবে প্রতি রোববার সকালে কুমিল্লা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাসটি ঢাকার পথে যাত্রা করবে।
তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে দেওয়া আমার ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বাস ট্রিপ চালু করা। আজ সেই ইশতেহার বাস্তবায়ন করতে পেরেছি।’
এ উদ্যোগ বাস্তবায়নে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।










