শনিবার ২১ মার্চ, ২০২৬

‘ডোরেমন’-এর প্রধান পরিচালক সুতোমু শিবায়ামার মৃত্যু

রাইজিং কুমিল্লা ডেস্ক

‘ডোরেমন’-এর প্রধান পরিচালক সুতোমু শিবায়ামার মৃত্যু
‘ডোরেমন’-এর প্রধান পরিচালক সুতোমু শিবায়ামার মৃত্যু/ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী জনপ্রিয় কার্টুন ডোরেমন (Doraemon)-এর পরিচালক সুতোমু শিবায়ামা (Tsutomu Shibayama) আর নেই। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (১৮ মার্চ) তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও Shin-Ei Animation আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। খবরটি প্রকাশের পর অ্যানিমেশন জগতে নেমে আসে শোকের ছায়া।

প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। জাপানের অ্যানিমেশন শিল্পে তাকে অন্যতম পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়।

কর্মজীবনেসুতোমু শিবায়ামা ১৯৮৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা দুই দশকেরও বেশি সময় Doraemon টিভি সিরিজের প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তার পরিচালনায় নির্মিত হয়েছে ‘ডোরেমন’-এর ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

ডোরেমন, নোবিতা ও শিজুকার মতো চরিত্রগুলোকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলতে তার অবদান ছিল অনন্য।

১৯৬৩ সালে একটি খ্যাতনামা অ্যানিমেশন প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে বহু জনপ্রিয় অ্যানিমেশন উপহার দেন এবং একপর্যায়ে নিজেই স্টুডিও প্রতিষ্ঠা করেন।

অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে।

তার মৃত্যুতে দেশ-বিদেশের অ্যানিমেশনপ্রেমী, সহকর্মী ও ভক্তরা গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রিয় শৈশবের স্মৃতি নির্মাতার প্রতি আবেগঘন শ্রদ্ধা জানাতে দেখা যাচ্ছে অনেককে।

জাপানি অ্যানিমেশন জগতের এই উজ্জ্বল নক্ষত্রের প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন