
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৬৬ জন। অন্যদিকে, করোনার সংক্রমণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে রবিবার (১৭ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ৪৬৬ জনের মধ্যে ১৩১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৩৩৫ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুর ভয়াবহতা মারাত্মক আকার ধারণ করেছে। ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৬ হাজার ৩৭৮ জন। এর মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী। এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পুরুষ ৫৯ শতাংশ এবং নারী ৪১ শতাংশ।
অন্যদিকে, করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭২৬ জনের করোনা শনাক্ত হয়েছে, যদিও এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩১ জন করোনায় মারা গেছেন।
দেশে এ পর্যন্ত মোট ২০ লাখ ৫২ হাজার ২৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫৩০ জন।










