শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

ট্রলারসহ ২৯ বাংলাদেশি জেলেকে আটক করলো ভারতের কোস্ট গার্ড

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Trawler
ট্রলারসহ ২৯ বাংলাদেশি জেলেকে আটক করলো ভারতের কোস্ট গার্ড/ছবি: সংগৃহীত

ভারতের জলসীমায় অনিচ্ছাকৃত বা অবৈধভাবে প্রবেশের অভিযোগে ২৯ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড। একইসঙ্গে তাদের ব্যবহৃত মাছ ধরার ট্রলারটিও জব্দ করা হয়েছে। পৃথক ঘটনায়, পশ্চিমবঙ্গ পুলিশ দেশটিতে অবৈধভাবে প্রবেশের দায়ে আরও ১০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে।

ভারতীয় কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে মাছ ধরার ট্রলারটি নিয়ে জেলেরা ভারতের জলসীমায় প্রবেশ করেন। এরপর কোস্ট গার্ড তাদের আটক করে এবং রোববার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার কোস্টাল থানার কাছে হস্তান্তর করে।

আটক জেলেদের পরবর্তীতে কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাংলাদেশি এই জেলেরা মাঝ সমুদ্রে মাছ ধরার সময় পথ হারিয়ে ভুলবশত ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিলেন। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত হতে আটককৃতদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে। তারা সত্যিই মৎস্যজীবী নাকি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন—সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ পুলিশ নদীয়া জেলার উমরপুর গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। স্থানীয়ভাবে কয়েকজন বাংলাদেশি আত্মগোপন করেছে, এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

অভিযানে পুলিশ ১০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পাশাপাশি, তাদের আশ্রয় এবং অবৈধভাবে ভারতে প্রবেশে সাহায্য করার অভিযোগে দুই ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এই ১০ বাংলাদেশি এবং দুই ভারতীয় দালাল—সকলকেই আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন