
পবিত্র রমজানকে সামনে রেখে সারা দেশে খোলা ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রিও চলবে।
রমজানে সবচেয়ে বেশি চাহিদা থাকে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরের। বাজারে এসব পণ্যের দাম তুলনামূলক বেশি থাকায় মানুষের প্রধান ভরসা হয়ে ওঠে টিসিবির পণ্য।
টিসিবি জানিয়েছে, মঙ্গলবার থেকে বিক্রি শুরু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত ডিলারদের পণ্য উত্তোলনের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত পণ্যের পাশাপাশি এবার ছোলা ও খেজুরও থাকবে ট্রাক সেলে।
সারাদেশে চার শতাধিক ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি ট্রাকে প্রায় ৪০০ জন ভোক্তার জন্য পণ্য রাখা হবে। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে বিক্রি চলবে। সংস্থাটির দাবি, পণ্যের কোনো ঘাটতি হবে না।
টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন জানান, পবিত্র রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রির সম্ভাব্য তারিখ ১৭ ফেব্রুয়ারি থেকে। এ কার্যক্রম দেশের প্রতিটি জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে পরিচালিত হবে।
ভালো এ উদ্যোগের সুফল যেন স্বল্প আয়ের মানুষ পায়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ ক্যাবের। বিশেষ করে সঠিক উপকারভোগীর কাছে পণ্য পৌঁছানোর তাগিদ তাদের।
ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, সুযোগ পেলে দাম বাড়াবে এই ধরণের টেনডেন্সি থেকে বের হয়ে আসার জন্য ব্যবসায়ীদের যারা এই অপকর্মের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া দরকার। আমরা বারবার বলেছি, শুধুমাত্র জরিমানাই কিন্তু একক (একমাত্র) শাস্তি নয়।
ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি, ফ্যামিলি কার্ডধারীসহ এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি দিয়ে রোজার পণ্য বিক্রি করবে রাষ্ট্রীয় সংস্থা টিসিবি।










