সোমবার ১৬ মার্চ, ২০২৬

জ্বালানি তেল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ডিসিদের ৯ নির্দেশনা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - oil
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) জন্য নয়টি নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (১৫ মার্চ) জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনা সংক্রান্ত এক অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং দেশের সব জেলা প্রশাসক অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিসিদের জন্য প্রতিমন্ত্রীর ৯ নির্দেশনা

জ্বালানি তেল সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী যে নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো হলো—

  • প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করে রিপোর্ট প্রদান।

  • ডিপো থেকে পেট্রল পাম্পে বরাদ্দ করা জ্বালানির সরবরাহ নিশ্চিত করা।

  • সব কাস্টমারের (পেট্রল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাকড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমার) সরবরাহ ও বিতরণ তদারকি করা।

  • কোনো পেট্রল পাম্প বন্ধ থাকলে বন্ধ থাকার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং ডিপোর সঙ্গে তেল সরবরাহের হিসাব ডাবল চেক করা।

  • অবৈধ মজুতদারি রোধ করা।

  • তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা।

  • জ্বালানি তেলের পাচার বন্ধ করা।

  • বেশি দামে যেন জ্বালানি তেল বিক্রি না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা এবং অপরাধ সংঘটিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।

  • জেলা পর্যায়ে নজরদারি বৃদ্ধি করা।

বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ নির্দেশনা

সভায় প্রতিমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়েও কিছু নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতা চান। এসব নির্দেশনার মধ্যে রয়েছে—

  • বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করা।

  • শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা।

  • দোকান বন্ধের পর সাইনবোর্ডের আলো নিভিয়ে রাখা।

জনগণের কষ্ট কমাতে সরকারের চেষ্টা

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের কষ্ট যেন না বাড়ে সে বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাই সবাইকে সচেতন থেকে আরও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের সহযোগিতাও কামনা করেন প্রতিমন্ত্রী।

এর আগে জ্বালানি মন্ত্রণালয়ে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে তাদের সহযোগিতা কামনা করেন।

এ সময় নেতারা আশ্বস্ত করেন, পারস্পরিক আলোচনা ও সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে।

আরও পড়ুন