বুধবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনো ছাড় নয়: জামায়াত আমির

রাইজিং কুমিল্লা ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনো ছাড় নয়: জামায়াত আমির/ছবি: সংগৃহীত

জুলাই সনদের বাস্তবায়ন না হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে। তিনি উল্লেখ করেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ মনকে প্রফুল্ল রাখে এবং কাজের মানসিকতা বাড়ায়।

ডা. শফিকুর রহমান বলেন, “গতকাল আমরা দুটি শপথ নিয়েছি। দেশের মানুষের জন্য কাজ করাই আমাদের অঙ্গীকার। যে জুলাইয়ের কারণে ২০২৬ সালে জাতীয় নির্বাচন হয়েছে, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সংসদে সবাইকে ভূমিকা রাখতে হবে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে।”

তিনি আরও জানান, মিরপুরকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্যে প্রতিদিন সকালে এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে দিন শুরু করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, সংসদে কার্যকর ও সমন্বিত ভূমিকা রাখার লক্ষ্যেই শীর্ষ নেতৃত্বকে সামনে আনা হয়েছে। ফলে জামায়াতের সর্বোচ্চ নেতা ডা. শফিকুর রহমান সরাসরি সংসদে বিরোধী দলের নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন