
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং চিকিৎসক জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই তার এ আগমন।
বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, দেশে পৌঁছানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার মূল্যায়ন করবেন জুবাইদা রহমান। এরপর অবস্থা উপযোগী হলে তিনি খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাত্রা করবেন।
এদিকে বৃহস্পতিবার কাতার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুল্যান্স সরবরাহ করতে তারা প্রস্তুত। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দেয়, শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং বুধবার জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকদের মূল্যায়নে তার অবস্থা ‘স্থিতিশীল’। এরই মধ্যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন।
নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তার অবস্থা আরও জটিল হয়ে ওঠে। ১ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে নিতে হয়েছে।
তাকে সার্বিক চিকিৎসা দিতে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এ বোর্ডে সদস্য হিসেবে আছেন জুবাইদা রহমানও। বুধবার যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দলও এই বোর্ডে যোগ দিয়েছেন।









