
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা সাহা মীম। বেশ কিছুদিন ধরেই তিনি নতুন কোনো সিনেমার ক্যামেরার সামনে অনুপস্থিত। তার সর্বশেষ কাজ ছিল ‘দিগন্তে ফুলের আগুন’ শিরোনামের সিনেমাটির শুটিং। এই শুটিং শেষ করার পর তিনি দীর্ঘ বিরতিতে রয়েছেন।
তবে নায়িকা মিম শিগরই ভক্ত-অনুরাগীদের জন্য একটি নতুন খবর নিয়ে আসছেন, যা তিনি নিজেই জানিয়েছেন। যদিও সেই খবরটি কী, তা এখনই ফাঁস করতে নারাজ এই অভিনেত্রী। নতুন কোনো সিনেমার ঘোষণা কি না, সে বিষয়েও তিনি মুখ খোলেননি। মিম বলেছেন, তার জন্মদিনের রেশ কাটতে না কাটতেই তিনি সেই ‘চমক’ সবার সামনে আনবেন।
আজ, সোমবার মিমের জন্মদিন। দিনটি তিনি বিশেষভাবে উদযাপন করছেন। বরাবরের মতো এবার কোনো চ্যানেল বা পত্রিকা অফিসে না গিয়ে দিনটি একান্তই নিজের মতো করে পরিবারের ছায়াতলে থেকে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্তমানে তিনি রাজধানীর বসুন্ধরায় তার নিজের অ্যাপার্টম্যান্টেই জন্মদিনের আয়োজন করেছেন।
এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম গণমাধ্যমকে বলেন, “প্রতিবছর জন্মদিনটি নানা কারণে বিশেষায়িত হয়ে ওঠে। এ বছর কী কারণে কেমন করে বিশেষায়িত হয়ে উঠবে, তা আমার জানা নেই। আগের রাত থেকে জন্মদিন, তার পরের দিন পর্যন্ত নানা কারণে জন্মদিন ঘিরে আমি সারপ্রাইজড হই। জীবনের বিশেষ বিশেষ সময়ে আমি মা-বাবার সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। জন্মদিনেও ঠিক তাই। আর আমার স্বামীর পক্ষ থেকে দিনটিকে বিশেষায়িত করার জন্য নানা পরিকল্পনা থাকেই। তবে ভক্ত-দর্শকেরও যে উন্মাদনা, তাও আমাকে মুগ্ধ করে। সবার দোয়া ও ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই। আর নিশ্চয়ই ভালো ভালো কাজ উপহার দিতে চাই। যেমন: একটি কাজের ঘোষণা কিছুদিনের মধ্যেই দিতে যাচ্ছি।”
অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি মিম দীর্ঘদিন ধরে ইউনিসেফ (UNICEF)-এর অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে আসছেন। এই প্রতিষ্ঠানটির হয়ে তিনি বেশ কয়েক বছর ধরে নানা ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়াও, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করে চলেছেন।










