
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন থেকে এই নির্বাচনে জয় পাওয়ার কোনো সুযোগ নেই। তিনি নেতাকর্মীদের সরাসরি ভোটারদের কাছে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানান।
শনিবার (৩১ জানুয়ারি) বগুড়ার একটি চার তারকা হোটেলের বলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।
সভায় কয়েকজন নেতা মত দেন যে, বগুড়ায় ধানের শীষ প্রতীকের জনপ্রিয়তা বিবেচনায় ভোটারদের কাছে সরাসরি না গেলেও বিপুল ভোটে জয় সম্ভব। তবে এ মতের সঙ্গে একমত হননি তারেক রহমান। তিনি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু অপেক্ষা করে থাকলে চলবে না, জনগণের কাছে যেতে হবে। জনবিচ্ছিন্ন থেকে কোনোভাবেই জয়ের আশা করা যাবে না।
তিনি আরও জানান, বগুড়ার সাতটি আসনেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। জয়ের ব্যবধান যত বেশি হবে, জনরায়ের প্রতিফলন ততটাই শক্তিশালী হবে বলে তিনি উল্লেখ করেন।
সারাদেশে নির্বাচনী প্রচারণার ব্যস্ততার কারণে নিজের আসনে পর্যাপ্ত সময় দিতে পারবেন না বলেও জানান বিএনপি চেয়ারম্যান। এ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে নানা সময়ে আপনাদের কাছে এসেছি। এবার প্রার্থী হয়ে এসেছি। তবে আমার নির্বাচন করার দায়িত্ব আপনাদের। কারণ, সারাদেশে আমাকে যেতে হচ্ছে। বগুড়া বিএনপির ঘাঁটি। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম। এই ঘাঁটির জনগণকে আপনারা দেখে রাখবেন।
বেলা ১১টায় শুরু হওয়া এই মতবিনিময় সভায় তারেক রহমান প্রথমে স্থানীয় নেতাদের অভাব-অভিযোগ ও পরামর্শ শোনেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা সভায় তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের জনসভার উদ্দেশ্যে রওনা দেন। পথে দুই ধারে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছিল। সাধারণ মানুষের উপস্থিতির প্রেক্ষিতে তিনি শাজাহানপুর ও শেরপুর মোড়েও সংক্ষিপ্ত বক্তব্য দেন।










