
শীতকালীন অবকাশকে কেন্দ্র করে ডিসেম্বর মাসে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে আলাদা সময়সূচি অনুযায়ী ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানভিত্তিক কর্মসূচিতে অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়
২০২৫ সালে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৭৮ দিনের ছুটি নির্ধারিত ছিল, যার শেষ অংশ হলো ডিসেম্বরের শীতকালীন ছুটি। বিদ্যালয় প্রধানের হাতে থাকা তিন দিনের ছুটিও এর অন্তর্ভুক্ত।
শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে ১১ ডিসেম্বর, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
এ সময়ের মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নির্দেশনা রয়েছে।
তাছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর। এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকবে। ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর।
ছুটি শেষে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা।
এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি-বেসরকারি কলেজ:
দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর, এর আগে দুই দিন (১২ ও ১৩ ডিসেম্বর) সাপ্তাহিক বন্ধ।
কলেজের ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর।
শিক্ষক-শিক্ষার্থীদেরও মহান বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসভিত্তিক কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান:
কারিগরি ও মাদ্রাসা শিক্ষার ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি সব মাদ্রাসা (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ও কারিগরি প্রতিষ্ঠানে ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর।
এর আগের দুই দিন ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকবে। সব প্রতিষ্ঠান খুলবে ২৮ ডিসেম্বর।
এছাড়া মাদ্রাসা পর্যায়ে দুই স্তরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।









