
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ নভেম্বর) ভোরে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ-পাশে উত্তর ফালগুনকরা রাস্তার মাথায়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চৌদ্দগ্রাম বাজার এলাকায় সেনা টহল চলছে। তবে নিরাপত্তা বাড়ানো হলেও মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি ৬ নং ওয়ার্ডের জামায়াত কর্মী ফজলুল হক মোল্লার পিকআপ ভ্যানটি (ঢাকামেট্রো-ন-১৫-২২৪১) প্রতিদিনের মতো রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের পাশে রাখা ছিল। পিকআপটির মালিক, ফজলুল হক মোল্লা, জানান যে সোমবার ফজরের নামাজের পরই গাড়িটি ফেনী থেকে মাছ আনার জন্য ভাড়ায় যাওয়ার কথা ছিল।
কিন্তু তার আগেই, ভোরে, মোটর সাইকেল আরোহী দুই দুর্বৃত্ত গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পিকআপ ভ্যানটি যখন জ্বলছিল, তখন এর পাশেই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।
খবর পেয়ে পিকআপ মালিক ফজলুল হক মোল্লা, স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পিকআপ ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পুড়ে যায়।
ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাক চালক মো. জামাল বলেন, “আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি, পাশের পিকআপ ভ্যানে আগুন জ্বলছে। শুনেছি, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুনে গাড়িটি পুড়ে দিয়েছে।”
পিকআপ ভ্যানের মালিক ফজলুল হক মোল্লা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমার জীবিকা অর্জনের একমাত্র সম্বল এই পিকআপ ভ্যানটি। ফজরের নামাজের পরই গাড়িটি ফেনী থেকে মাছ আনতে ভাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগে দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়িটি পুড়ে দিয়েছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।”
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, “দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান আগুনে পুড়ে দিয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।”










