
কুমিল্লার চান্দিনায় একই বসতঘরের দুটি পৃথক কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাত বছর বয়সী মেয়ে ফাছিহাকে শ্বাসরোধ করে হত্যার পর মা ফারহানা আক্তার (৩৩) নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ফারহানা ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারহানা আক্তার তিন সন্তানের জননী। তাঁর ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন এবং বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিক থেকে পড়াশোনা করছে। ফারহানা ছোট মেয়েকে নিয়ে শাশুড়ি কদরবানুর সঙ্গে বাড়িতে থাকতেন। ঘটনার দিন সকালে শাশুড়ি ধর্মীয় কাজে বাড়ির বাইরে যান। দুপুরে ফিরে এসে ঘরের সব দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় জানালা ভেঙে ঘরে ঢুকে মা ও মেয়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, মা ও মেয়ের মরদেহ ভিন্ন দুটি কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।









