
জনদুর্ভোগ নিরসন, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে চান্দিনা পৌরসভা এলাকায় এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) তারিখে পরিচালিত এই অভিযানে সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযানকালে সড়কের ওপর অবৈধভাবে দাঁড়িয়ে থেকে যানজট সৃষ্টি করা সিএনজি অটোরিকশা ও অটোরিকশা অপসারণ করা হয়। একই সাথে সংশ্লিষ্ট চালক ও ব্যবসায়ীদের ভবিষ্যতে পুনরায় রাস্তা ও ফুটপাত দখল না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কেএম ইন্জারুল হক। তিনি জানান, একটি শৃঙ্খলাপূর্ণ, নিরাপদ ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে। একই সাথে পৌর এলাকায় যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বসাধারণের সহযোগিতা ও আইন মেনে চলার আহ্বান জানানো হয়।










