
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
চাঁদপুর-৫ আসনে শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত চার শিক্ষককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন। একই ঘটনায় আরও এক শিক্ষককে মুচলেকা দিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বীর নেতৃত্বে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জরিমানাপ্রাপ্ত শিক্ষকরা হলেন—দৈয়ারা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মাসুম বিল্লাহ, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, একই বিদ্যালয়ের শিক্ষক ও পৌর জামায়াতের আমির জাহাঙ্গীর আলম এবং করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক সেলিম পাটোয়ারী। প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া রাগৈ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিনকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজিগঞ্জ) আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার শিক্ষককে অর্থদণ্ড এবং একজনকে মুচলেকা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC