
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল মোবিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে তার মনোনয়ন বৈধতা পায়। এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে ডা. আব্দুল মোবিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন পর্যালোচনা করে কমিশন আপিল মঞ্জুর করে এবং মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
মনোনয়ন ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল মোবিন বলেন, “নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। আইনানুগ প্রক্রিয়ায় আমরা ন্যায়বিচার পেয়েছি।”
তিনি আরও বলেন, “এখন আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে থেকে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেব।” একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, চাঁদপুর-২ সংসদীয় আসনে প্রাথমিক মনোনয়ন যাচাই-বাছাইয়ে মোট ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করলে কমিশন শুনানি শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত জানায়।
ডা. আব্দুল মোবিনের প্রার্থিতা ফিরে পাওয়ায় এ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন ভোটাররা।









