শনিবার ৭ মার্চ, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ, আটক ৩ জন

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Police foil robbery plot in Hajiganj, Chandpur, 3 arrested
চাঁদপুরে হাজীগঞ্জে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ, আটক ৩ জন

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সুনাপুর গ্রামের বাসিন্দা মো. জাহেদ প্রকাশ জাহিদ (২৭), কুমিল্লার মুরাদনগর এলাকার মো. ইসমাইল হোসেন (৩৫) এবং একই জেলার দাউদকান্দি এলাকার মো. মহসীন মিয়া (৪০)।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা জানান, গভীর রাতে একটি পিকআপ গাড়ি সন্দেহজনকভাবে চলাচল করছিল। পুলিশের পক্ষ থেকে সংকেত দেওয়া হলে পিকআপটি থামানো হয়। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

পরে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। এছাড়া তাদের সঙ্গে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—একটি ধারালো রাম দা, একটি চাপাতি, একটি দেশীয় তৈরি ধারালো ছুরি, একটি টি লোহার কাটার, তিনটি লোহার রড, একটি লোহার শাবল, তিনটি পুরাতন সুতি গামছা, পাঁচটি ধারালো শার্প ব্লেড এবং তিনটি কালো রঙের মাস্ক।

পুলিশ জানায়, এসব সরঞ্জাম ডাকাতির প্রস্তুতির অংশ হিসেবে তাদের কাছে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের চাঁদপুর জেলা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা।

আরও পড়ুন