
চাঁদপুরে অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট বিসিক শিল্পনগরী এলাকায় পরিচালিত এ অভিযানে জরিমানা আরোপ করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি জানান, অভিযানের সময় বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। এর মধ্যে—স্বাস্থ্যবিধি না মেনে সেমাই তৈরির অপরাধে নিউ চাঁদ ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানার মালিককে ৮ হাজার টাকা, উৎপাদিত সেমাইয়ে খুচরা মূল্য উল্লেখ না থাকায় মেঘনা সেমাই কারখানার মালিককে ৫ হাজার টাকা, পণ্যের মোড়কে পূর্বের প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করায় জি এস কনজুমারের মালিককে ১০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা এবং খেজুরে তেল মিশিয়ে বিক্রি করায় মীম এন্টারপ্রাইজের মালিককে ৫ হাজার টাকা ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটে খেজুর প্যাকেটজাত করার অপরাধে সুব্রত বাণিজ্যালয়ের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয়। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।








