শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরে ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে নিহত ২ জন

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরে ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ, নিহত ২ জন/ছবি: সংগৃহীত

চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে সামনে দেখতে না পেয়ে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ‘জাকির সম্রাট-৩’ ও ‘অ্যাডভেঞ্চার-৯’ নামের দুটি লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, রাতের ঘন কুয়াশার কারণে নদীতে দৃশ্যমানতা খুবই কম ছিল।

এ অবস্থায় দুটি লঞ্চ পরস্পরের মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়ায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং কয়েকজন যাত্রী আহত হন। তবে লঞ্চ দুটি কোন কোন গন্তব্যে যাচ্ছিল, তা নিশ্চিত করা না যাওয়ায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে একই রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় আরেকটি নৌ দুর্ঘটনার ঘটনা ঘটে। ঢাকা থেকে চাঁদপুরগামী ‘ইমাম হাসান-৫’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা খায়।

লঞ্চটিতে তখন সহস্রাধিক যাত্রী অবস্থান করছিলেন। সংঘর্ষের পর বিকট শব্দে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লঞ্চটি দ্রুত নদীর তীরে নোঙর করা হয় এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।

খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল কালাম জানান, এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি। যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। কেউ ‘ইমাম হাসান-২’ লঞ্চে, আবার কেউ স্পিডবোট ও সড়কপথে যাত্রা সম্পন্ন করেন।

যাত্রীরা জানান, রাতের ঘন কুয়াশার কারণে লঞ্চটি নদীর তীর ঘেঁষে ধীরগতিতে চলছিল। এ সময় প্রায় অদৃশ্য অবস্থায় থাকা বাল্কহেডটির সঙ্গে সংঘর্ষ ঘটে। শীতের মৌসুমে কুয়াশাজনিত এমন দুর্ঘটনা নৌপথে যাত্রীদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন