সোমবার ৯ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে এক দিনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩১ জন

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Office of the Superintendent of Police, Chandpur
পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর/ছবি: সংগৃহীত

চাঁদপুরে জেলার বিভিন্ন থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৩১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে জিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত তিনজন রয়েছেন। একই অভিযানে কিশোর গ্যাংয়ের নয় সদস্যকে আটক এবং ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। সোমবার (৯ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ আটজন, হাইমচর থানা পুলিশ একজন, ফরিদগঞ্জ থানা পুলিশ দুজন, মতলব দক্ষিণ থানা পুলিশ তিনজন, মতলব উত্তর থানা পুলিশ একজন, হাজীগঞ্জ থানা পুলিশ চারজন, শাহরাস্তি থানা পুলিশ দুজন এবং কচুয়া থানা পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।

এদিকে, মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মতলব উত্তর থানা পুলিশ পাঁচজন এবং কচুয়া থানা পুলিশ চারজনকে আটক করে। এছাড়া জিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে মতলব উত্তর থানা পুলিশ দুজন এবং কচুয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন