বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে একদিনে পুলিশের অভিযানে ৩৫ জন গ্রেফতার, আটক ১৫ কিশোর গ্যাং সদস্য

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Office of the Superintendent of Police, Chandpur
পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর/ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ১৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ সময় ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা-পুলিশের পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেফতার ও আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা-পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া বিভিন্ন মামলায় চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ৯ জন, হাইমচর থানা-পুলিশ একজন এবং ফরিদগঞ্জ থানা-পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে।

অন্যদিকে, বিভিন্ন ধারা ও বিশেষ অভিযানে চাঁদপুর সদর মডেল থানা থেকে ১০ জন, হাইমচর থানা থেকে দুজন, ফরিদগঞ্জ থানা থেকে তিনজন এবং শাহরাস্তি থানা থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৫ সদস্যকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ তিনজন, ফরিদগঞ্জ থানা-পুলিশ পাঁচজন, হাজীগঞ্জ থানা-পুলিশ দুজন এবং কচুয়া থানা-পুলিশ পাঁচজনকে আটক করে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন