বুধবার ১৮ নভেম্বর, ২০২৬

গরিবের ব্যাংক পোড়ালে কার লাভ, প্রশ্ন গ্রামীণ ব্যাংকের

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Who gains when the bank of the poor is set on fire— Grameen Bank asks.
গরিবের ব্যাংক পোড়ালে কার লাভ, প্রশ্ন গ্রামীণ ব্যাংকের

চলমান রাজনৈতিক সহিংসতা মধ্যে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংককে হামলার লক্ষ্যবস্তু করায় উদ্বেগ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত কিছু দিনে নানা প্রান্তে ২২টি শাখায় আগুন ধরানো হয়েছে জানিয়ে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গরিবের ব্যাংক পোড়ালে কার লাভ? মানবিক গ্রামীণ ব্যাংকের পাশে থাকুন।’

বিজ্ঞপ্তিতে সর্ব সাম্প্রতিক ঘটনাগুলো তুলে ধরে বলা হয়, গত ১৬ নভেম্বর রাতে রাজশাহী জোনের জামনগর বাগাতিপাড়া শাখা এবং পটুয়াখালী জোনের টিয়াখালী কলাপাড়া শাখায় আগুন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশের ২২টি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

কোটি মানুষের মূলধন সংস্থানের এই প্রতিষ্ঠানে আগুন দিয়ে কার কী সুবিধা- এই প্রশ্ন তোলার পাশাপাশি গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানার চেষ্টা করার আহ্বানও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সরকার ও ঋণগ্রহীতাদের অর্থে মূলধনের সঞ্চয় করে ড. মুহাম্মদ ইউনূসের হাত দিয়ে ১৯৮৩ সালে যাত্রা শুরু করে গ্রামীণ ব্যাংক। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস নোবেল পুরস্কার জয় করেন।

গরিবের ব্যাংকার হিসেবে পরিচিতি পাওয়া ড. ইউনূস প্রতিষ্ঠাকাল থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর তাকে পদচ্যুত করে। তা নিয়ে আইনি লড়াই চালিয়ে হেরে যান তিনি। পরে আওয়ামী লীগ আমলে নানা ধরনের হয়রানির মুখে পড়ার অভিযোগও করেন তিনি।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, তার প্রধান হন ড. ইউনূস। তার সরকারই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশে তার দল আওয়ামী লীগের সমর্থকদের সক্রিয়তা দেখা যাচ্ছে।

এর মধ্যে বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ এবং বাসে, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন ধরানো হচ্ছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা তা করছে বলে বিএনপি সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে নাশকতার কথা বলা হলেও সেজন্য নির্দিষ্ট করে কাউকে দায়ী করা হয়নি।

গ্রামীণ ব্যাংকের কার্যক্রম তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকে দরিদ্র জনগোষ্ঠীর জন্য জামানতবিহীন পুঁজির ব্যবস্থা করে আসছে। এর মাধ্যমে কোটি নারী গ্রাহক অর্থনৈতিক মুক্তির পথ খুঁজে পেয়েছেন। প্রতিষ্ঠানটি দরিদ্র মানুষের সঞ্চয়ের একটি আস্থার ঠিকানা হিসেবেও পরিচিত।

গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটি বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এর ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং ১০ শতাংশ সরকারের। পরিচালনা পর্ষদে ঋণগ্রহীতা সদস্যদের মধ্য থেকে নির্বাচিত নয়জন পরিচালক প্রতিনিধিত্ব করেন।

আরও পড়ুন