বুধবার ৪ মার্চ, ২০২৬

খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা

আন্তর্জাতিক ডেস্ক

Rising Cumilla - Mojtaba is the new Supreme Leader of Iran after Khamenei's death
খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা/ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনি-এর স্থলাভিষিক্ত হয়েছেন তার ছেলে মোজতবা খামেনি।

মঙ্গলবার (০৩ মার্চ) রাতে সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত ইরান ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের সাংবিধানিকভাবে সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান অ্যাসেম্বলি অব এক্সপার্ট বিপ্লবী গার্ডের চাপে মোজতবাকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে।

গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৮৯ সাল থেকে টানা ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর নতুন নেতা হিসেবে কে আসবেন, তা নিয়ে দেশটির রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। সম্ভাব্যদের তালিকায় বেশ কয়েকজন প্রভাবশালী আলেম ও নেতার নামের পাশাপাশি মোজতবা খামেনির নামও উঠে আসে। শেষ পর্যন্ত তাকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এদিকে বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, খামেনির দাফন তার জন্ম শহর মাশহাদ-এ অনুষ্ঠিত হবে। সেখানে অবস্থিত পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে। জানা গেছে, মৃত্যুর আগে খামেনি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন, যেন তাকে মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রাজধানীতে সর্বসাধারণের অংশগ্রহণে একটি স্মরণসভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। তবে জানাজা বা স্মরণানুষ্ঠানের তারিখ ও সময় এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন