
গাজীপুর মহানগরীর পুবাইল কুদাব পশ্চিমপাড়া এলাকায় রবিবার দুপুরে আব্দুর রহমানের মালিকানাধীন একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ায় মুহূর্তেই গোডাউনের ভেতরে থাকা তুলা ও অন্যান্য মালপত্র ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। প্রাথমিক হিসাবে এই ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হাসান। তিনি কেবল আগুন নিয়ন্ত্রণের তদারকিই করেননি, বরং মালপত্র সরিয়ে নিতে সরাসরি উদ্ধারকাজে অংশ নেন।
অগ্নিকাণ্ডের তীব্র ধোঁয়া ও ভয়াবহতার কারণে স্থানীয়রা যখন গোডাউনে প্রবেশ করতে ইতস্তত করছিলেন, ঠিক সেই সময় ওসি মোল্লা খালিদ হাসান এক অভূতপূর্ব সাহসিকতার পরিচয় দেন। তিনি নিজ হাতে ও মাথায় তুলার বস্তা বহন করে বাইরে এনে উদ্ধারকাজে নেতৃত্ব দেন। তার এই ঘটনাটির ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওসি মোল্লা খালিদ হাসান নিজে মাথায় বস্তা নিয়ে বের হতে শুরু করলে এলাকার লোকজনের মধ্যে সাহস সঞ্চার হয়। এরপর তারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বড় ধরনের আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় এক ব্যবসায়ী ওসি’র এই ভূমিকায় মুগ্ধ হয়ে বলেন, ‘ওসি সাহেব নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজ করেছেন—এটা সত্যিই বিস্ময়কর। তার কারণে আমরা অনেক মালপত্র বাঁচাতে পেরেছি।’
পুবাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হক বলেন, ‘ওসি স্যার নিজেই প্রথম মাথায় তুলার বস্তা নিয়ে বের হতে শুরু করলে সবাই তাকে অনুসরণ করে। তিনি অন্যান্যের সাহস জোগাতেই নিজে আগে এগিয়ে যান।’
এদিকে, খবর পাওয়ার পর টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।








