
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সাংবাদিক সংগঠন “কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পেশাগত দায়িত্ববোধ, নৈতিকতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় বসুরহাটের গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয় আত্মসংযম, সততা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এএইচ এম মান্নান মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিন, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল এমরান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম।
এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ উল্যাহ মিরাজ ও সোহরাব হোসেন বাবর, সাধারণ সম্পাদক এম. এস. আরমান, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ রহিম উল্যাহ সোহাসিন, দপ্তর সম্পাদক আবদুল আজিজ সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় ভৌমিক, সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্বশীল সামাজিক অঙ্গন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গড়ে তুলতে পারলে স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





