শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৯ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Independent candidate Samira Azim Dola withdraws from Comilla-9 constituency election
কুমিল্লা-৯ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা/ছবি: প্রতিনিধি

কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালামকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সামিরা আজিম দোলা বলেন, তার প্রয়াত বাবা সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল এম আনোয়ারুল আজিম দীর্ঘ ২৫ বছর ধরে বিএনপিকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করেছেন। নির্বাচনে দলের মনোনয়ন না পাওয়ায় দলীয় নেতাকর্মীদের অনুরোধেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে দলের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি আজ থেকে তার অনুসারীদের নিয়ে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা-৯ আসনের বিএনপির প্রার্থী মো. আবুল কালাম। তিনি বলেন, দলের মনোনয়ন চাওয়া প্রত্যেকেরই গণতান্ত্রিক অধিকার রয়েছে। সংবাদ সম্মেলনের আগেও তিনি একাধিকবার তার ভাতিজি সামিরা আজিম দোলার সঙ্গে কথা বলেছেন। তার মতে, হয়তো কোনো ভুল বোঝাবুঝির কারণেই দোলা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিন উর রশীদ ইয়াছিনের উদ্যোগে লাকসাম-মনোহরগঞ্জ বিএনপি আবারও ঐক্যবদ্ধ হয়েছে। বক্তব্য শেষে তিনি সামিরা আজিম দোলার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিন উর রশীদ ইয়াছিন বলেন, কুমিল্লা-৬ আসন থেকে তিনিও দলের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হলেও পরে দলের স্বার্থে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তিনি বলেন, বিএনপি একটি বড় দল, এখানে অনেকেই মনোনয়ন প্রত্যাশা করবেন—এটাই স্বাভাবিক। দলের বৃহত্তর স্বার্থে আজ কুমিল্লা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন। এজন্য তিনি দোলাকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মো. আবুল কালাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা রশিদ আহমেদ হোসাইনীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন