
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর তিনি এই সিদ্ধান্ত নেন।
হাজী ইয়াছিনের ঘনিষ্ঠ কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তারেক রহমানের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক হয়েছে এবং সেখানে কুমিল্লার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দলীয় সূত্র জানায়, ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার।
বৈঠক শেষে হাজী ইয়াছিন কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে ইউসুফ মোল্লা টিপু বলেন, “দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে। কুমিল্লার সামগ্রিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলাধীন বিএনপির সব সংসদীয় আসনে সমন্বয়কের দায়িত্ব ইয়াছিন ভাইকে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, হাজী ইয়াছিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং সবাই মিলে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলাধীন সব সংসদীয় আসনের সমন্বয়ক হিসেবে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।










