
কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অভিযানে ১ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময় যৌথ অভিযানও পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খান-এর উপস্থিতিতে অত্র ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।
টাস্কফোর্স দলটি রাত সাড়ে ৭টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার ৬৭০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি, কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাল ও ফুচকা জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ আরও জানান, জব্দকৃত চোরাচালানের মালামালসমূহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।










