রবিবার ২২ মার্চ, ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণে রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - 12 people killed in train accident at railway crossing in Comilla Sadar South identified
কুমিল্লা সদর দক্ষিণে রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের নাম-পরিচয় পাওয়া গেছে।

রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার বইতে তাদের নাম-পরিচয় উল্লেখ করা হয়।

নিহতরা হলেন— নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সালামত উল্লার ছেলে মো. বাবুল চৌধুরী (৫৩), ঝিনাইদহের মহেশপুরের পিন্টু মিয়ার স্ত্রী লাইজু আক্তার (২৬), তার দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৪), চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (৪৬), যশোরের চৌগাছার ফকির চাঁদ বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫), নোয়াখালীর সুধারাম এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৩৩), লক্ষ্মীপুর সদরের সিরাজউদ্দৌলার মেয়ে সায়েদা (৯), ঝিনাইদহ সদরের মুক্তার বিশ্বাসের ছেলে জোয়াদ বিশ্বাস (২০), মাগুরার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৮)।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মেইল ট্রেন।

সংঘর্ষের তীব্রতায় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে ঘটনাস্থল থেকেই ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে।

দুর্ঘটনার পরপরই চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়।

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব যৌথভাবে কাজ করে। সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এ ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা ঘোষণা করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।

দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন