বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা শিক্ষাবোর্ডে এগিয়ে কুমিল্লা জেলা, ফল বেশি খারাপ করেছে নোয়াখালী

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Board of Intermediate and Secondary Education, Cumilla
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড/ছবি: সংগৃহীত

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার মোট এক লাখ এক হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে এর মধ্যে পাস করেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মধ্যে সবেচেয়ে বেশি ফল খারাপ করেছে নোয়াখালী জেলা। একই সাথে পাসের হার সর্বোচ্চ কুমিল্লা জেলায়- ৫২ দশমিক ১৫ শতাংশ

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মধ্যে সবেচেয়ে বেশি ফল খারাপ করেছে নোয়াখালী জেলা। এ জেলায় পাসের হার ৪০ দশমিক ৪৩ শতাংশ। পাসের হার সর্বোচ্চ কুমিল্লা জেলায় ৫২ দশমিক ১৫ শতাংশ। এবার শূন্য শতাংশ পাস করেছে নয়টি প্রতিষ্ঠানে, শতভাগ পাস করা প্রতিষ্ঠান পাঁচটি।

কুমিল্লা বোর্ডের ফলাফল বিশ্লেষণে আরও দেখা যায়, ফেনী জেলার পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ, লক্ষ্মীপুরে ৪৮ দশমিক ৯৫ শতাংশ, চাঁদপুরে ৪৮ দশমিক ৬২ শতাংশ, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫১ দশমিক ৮১ শতাংশ।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম জানান, অন্যান্য সময়ে কেন্দ্রের সংখ্যা অনেক বেশি ছিল। এবার ১৬২টি কেন্দ্র বাতিল করা হয়েছে। এছাড়া ইংরেজিতে পাসের হার ৬৫ দশমিক ২৮ শতাংশ। উচ্চতর গণিতেও পাসের হার কম। ইংরেজিতে ফেলের হার বেশি থাকায় সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।

তিনি আরও জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১ হাজার ৯৯৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৯ হাজার ৫৭৬ জন। পাস করেছে ৪৮ হাজার ৬৫৭ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ছিল ৫৭ হাজার ৫২৪ জন, পাস করেছে ৩০ হাজার ৭০১ জন। পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ। ছেলে পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৯০০ জন, পাস করেছে ১৭ হাজার ৯৫৬ জন। পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ। মেয়েদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৭৪৯ জন। ছেলেদের মধ্যে পেয়েছে ৯৫৮ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর পাসের হার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম।

এর আগে এই বোর্ডে ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯, ২০২২ সালে ৯০ দশমিক ৭২, ২০২৩ সালে ৭৫ দশমিক ৩৯, ২০২৪ সালে ৭১ দশমিক ১৫ এবং এবার ২০২৫ সালে পাস করেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। যা গত পাঁচ বছরের তুলনায় সবচেয়ে কম।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের পাঁচটি কলেজ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। অন্যদিকে, নয়টি কলেজ থেকে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।

একজনও পাস না করা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩টি, লক্ষ্মীপুরের ৩টি, কুমিল্লার ২টি এবং চাঁদপুরের ১টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

শতভাগ ফেল করা ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগর উপজেলার নিদ্রাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ।
লক্ষ্মীপুরের জেলার ৩টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল অ্যন্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ, রামগতি উপজেলার সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ।
কুমিল্লার ২টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো—ব্রাহ্মণপাড়া উপজেলার সাহিত্যশালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ।
চাঁদপুর জেলা থেকে শতভাগ ফেল করা একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানটি হলো মতলব উত্তরের জিবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ।
আরও পড়ুন