
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্থী ও তার মা তাহমিনা বেগমকে ধর্ষণ ও হত্যার দায়ে কবিরাজ মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একমাত্র আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে একটি বাসায় প্রবেশ করেন মোবারক হোসেন। এ সময় বাসায় থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিন্থীকে ধর্ষণ করেন তিনি। মেয়ের ওপর নির্যাতনের ঘটনা দেখে তার মা তাহমিনা বেগম প্রতিবাদ করলে মোবারক দুজনকেই শ্বাসরোধে হত্যা করেন। পরে বাসার দরজা খুলে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় নিহতের ভাই তাজুল ইসলাম কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর মোবারক হোসেনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন তিনি।
তদন্ত শেষে মোবারক হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২৬ সালের ২০ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর দুই মাস ১৫ দিনের মধ্যে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষ করে আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল মোতালেব মজুমদার বলেন, আসামি মোবারক হোসেন মা ও মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন। মামলার সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক বিশ্লেষণ শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।









