
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার ৭৭০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, চকলেট, মাঞ্চ ওয়েফার বিস্কুট ও গাঁজা। তবে এসব পণ্যের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
রোববার (১৫ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ সীমান্ত ফাঁড়িগুলোর টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার ও মাদলা সীমান্ত ফাঁড়ি (বিওপি) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭৬ হাজার ৭৭০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধভাবে পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।










