সোমবার ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের/ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের দাউদকান্দি স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এরশার হোসাইন এবং দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

নিহতরা হলেন— মাইক্রোবাস চালক মো. শাহিন (৪০) ও যাত্রী ইব্রাহিম হোসেন (১৫)। তারা কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, একটি নোহা মাইক্রোবাস দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন