রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ল বাস, প্রাণ গেল দুই জনের

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Two killed as bus hits auto-rickshaw in Daudkandi, Comilla
কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ল বাস, প্রাণ গেল দুই জনের/ছবি: সংগৃহীত

 ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায়, চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬২০৩) নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

এ ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশাচালক ফারুক (৪২) এবং বাসের যাত্রী মিজানুর রহমান (৪৮) নিহত হন। অটোরিকশাটিতে চালক ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত বাসযাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার সচল হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন