
কুমিল্লার চান্দিনায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকার সন্দেহে মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় চান্দিনা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে চান্দিনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে ইস্কাফ সিরাপ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়া এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একজন সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে পুলিশ আইনের ৩৪ ধারায় ৪ জনকে আটক করা হয়। পাশাপাশি অপরাধপ্রবণতা রোধে পরিচালিত অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরও ১৯ জনকে আটক করা হয়েছে।
সব মিলিয়ে বিভিন্ন অপরাধে মোট ৩৫ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং কিশোর গ্যাং দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।










