বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার চান্দিনায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Farmers house reduced to ashes in fire at Chandina, Cumilla.
কুমিল্লার চান্দিনায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই/ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় অগ্নিকাণ্ডে কৃষক মধু মিয়ার একটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১০টার দিকে মধু মিয়ার ঘরে আগুন জ্বলতে দেখেন তারা। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের আসবাবপত্রসহ কোনো মূল্যবান সামগ্রীই উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।

এদিকে, ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে, এমন অভিযোগ তুলে স্থানীয়দের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক মধু মিয়া বলেন, ‘কীভাবে আগুন লেগেছে, তা বুঝতে পারিনি। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘর থেকে কোনো কিছুই বের করতে পারিনি। সব হারিয়ে আমি এখন নিঃস্ব।’

তবে চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার ১৭ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে। এর আগেই স্থানীয়রা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে কৃষক মধু মিয়ার আনুমানিক পাঁচ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন