বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় ১১ দিনে পুলিশের অভিযানে আটক ২৭৬৫, আইনি ব্যবস্থা ১৬০৬ জনের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - 2,765 people detained in police operations in Cumilla over 11 days, legal action taken against 1,606 individuals
কুমিল্লায় ১১ দিনে পুলিশের অভিযানে আটক ২৭৬৫, আইনি ব্যবস্থা ১৬০৬ জনের বিরুদ্ধে/ছবি: সংগৃহীত

কুমিল্লায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১১ দিনে ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১ হাজার ১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে পাঠানো এক তথ্যে এসব বিষয় জানানো হয়।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় গত ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জেলার ১৮টি থানায় একযোগে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযানে অংশ নেয়।

মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের সদস্য এবং ছিনতাইকারীদের তৎপরতা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালানো হয়।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, কুমিল্লা মহানগরীসহ জেলার প্রতিটি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত বেশি, সেসব এলাকাকে অভিযানের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতেও পুলিশ কাজ করছে।

আরও পড়ুন