রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মতবিনিময় করলেন মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Monirul Haque Chowdhury exchanged views with business organizations in Comilla
কুমিল্লায় ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মতবিনিময় করলেন মনিরুল হক চৌধুরী/ছবি: রাইজিং কুমিল্লা

কুমিল্লায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর খন্দকার হক মার্কেটে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ব্যবসায়ী ফেডারেশন কুমিল্লার সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা–৬ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্যবসায়ী ফেডারেশন কুমিল্লার সাধারণ সম্পাদক জামাল খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করা জরুরি। তিনি স্থানীয় ব্যবসায়ীদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “আপনারা আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের চাঁদাবাজিমুক্ত, নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।”

এ সময় ব্যবসায়ী ফেডারেশনের প্রতিনিধিরা বলেন, বর্তমান প্রেক্ষাপটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা নানামুখী সংকটে রয়েছেন। তারা করব্যবস্থা সহজীকরণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির দাবি জানান।

সভায় আরও বক্তব্য দেন ব্যবসায়ী ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ। বক্তারা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যবসায়ী সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নিয়মিত সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়বে এবং এলাকার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

আরও পড়ুন