শুক্রবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ১ লাখ টাকা জরিমানা ও মুড়ির মিল সিলগালা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - BSTI raid in Comilla results in fine of Tk 1 lakh, sealing of mill
কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ১ লাখ টাকা জরিমানা ও মুড়ির মিল সিলগালা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে বাধ্যতামূলক সিএম লাইসেন্স ছাড়া মুড়ি উৎপাদন, বিক্রয় ও বিতরণের অভিযোগে মেসার্স মমতা মুড়ির মিল, পদুয়ার বাজার বিশ্বরোড, সদর দক্ষিণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণের জন্য আবেদন না করেই মুড়ি উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পাশাপাশি জনস্বার্থ বিবেচনায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম শাকিল। এছাড়া সার্বিক সহযোগিতা করেন পরিদর্শক (মেট্রোলজি) মোঃ শামস তাবরেজ।

জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন