বুধবার ২৫ মার্চ, ২০২৬

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ মৃত্যু: গেটম্যানের অবহেলা প্রধান কারণ—র‍্যাব

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - 12 dead in train-bus collision in Comilla- Gateman's negligence main cause - RAB
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ মৃত্যু: গেটম্যানের অবহেলা প্রধান কারণ—র‍্যাব/ছবি: প্রতিনিধি

কুমিল্লার পদুয়ার বাজারে বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গেটম্যানের দায়িত্বে অবহেলাই প্রধান কারণ বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১-এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক।

র‍্যাব জানায়, দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গেটম্যান মো. হেলাল (৪১) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা থেকে মো. হেলালকে গ্রেপ্তার করা হয়। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি।

এর আগে, গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আহত হন আরও ২৫ জন।

এই ঘটনায় বাসের যাত্রী নিহত সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ওই রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে আসামি করা হয়েছে।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, কর্তব্যরত গেটম্যান রেলক্রসিংয়ের গেট বন্ধ না করায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় গেটম্যান মো. হেলাল ও মেহেদী হাসান—দুজনেই ঘটনাস্থলে ছিলেন না। তাদের দায়িত্বে অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তার হেলালকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া অন্য আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

আরও পড়ুন