
কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দ। এ সময় শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় নগরীর ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর এলাকায় অবস্থিত মাসুম মিয়ার পারিবারিক কবরস্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, মহানগরী কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি খাইরুল ইসলামসহ জামায়াত, ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কবর জিয়ারতের সময় শহীদ মাসুম মিয়ার পিতা শাহিন মিয়াও উপস্থিত ছিলেন। জামায়াত নেতৃবৃন্দ তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং শহীদ মাসুম মিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
দোয়া-মোনাজাত শেষে উপস্থিত নেতারা শহীদ মাসুম মিয়ার আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।










