শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Celebrating the 49th founding anniversary of Islami Chhatra Shibir in Cumilla
কুমিল্লায় ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র‍্যালিটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে কুমিল্লা প্রেসক্লাবসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালির আগে টাউন হল মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগর শাখার সভাপতি হাসান আহমেদ।

তিনি বলেন, “আর কোনো ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকার এ দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ইসলামী ছাত্র শিবিরের রয়েছে একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য। জুলাই বিপ্লব ছাত্র শিবিরের রক্তের বিনিময়ে এসেছে। বর্তমান প্রজন্ম জানে কীভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হয়। যারা জুলুম ও লুটতরাজে ব্যস্ত, তাদেরও নতুন প্রজন্ম ছাড় দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের ছাত্র-জনতা নতুন বাংলাদেশের সূচনা সৃষ্টি করবে।”

প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর জামায়াতের সেক্রেটারি ও সাবেক মহানগর ছাত্র শিবির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য রাখতে গিয়ে কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাংগঠনিক যাত্রা শুরু করে। নতুন বাংলাদেশে আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। শত শত শহীদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা এই সংগঠন আগামীর বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

আরও পড়ুন