
কুমিল্লায় গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর আয়োজনে মঙ্গলবার (০৪ মার্চ) কুমিল্লা সার্কিট হাউজের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।
সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুঃ রেজা হাসান।
বক্তারা বলেন, গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করতে অপসাংবাদিকতা প্রতিরোধ অত্যন্ত জরুরি। সত্যনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, এ ধরনের সেমিনার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সার্বিক সহায়তায় সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরসমূহ অংশ নেয়।









