
কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের রেজুখাল চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত তল্লাশিদল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায়। এ সময় গাড়িটির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজির চালক সৈয়দ হোসেন (৩৩)কে আটক করা হয়েছে। তিনি উখিয়া উপজেলার জালিয়াপালং এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
অভিযানের সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি বাটন ফোনও জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত মালামাল এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদক পাচার রোধে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।









