বুধবার ১১ মার্চ, ২০২৬

এলপিজি সংকট মোকাবিলায় বিপিসিকে আমদানির অনুমোদন দিল সরকার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - LPG cylinder
এলপিজি সিলিন্ডার/প্রতীকি ছবি এআই/রাইজিং কুমিল্লা

দেশে মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাকে। এর মাধ্যমে বাজারে সরবরাহ বাড়ানো এবং দাম নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এই আমদানি কার্যক্রম পরিচালিত হবে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং মূল্য নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে।

তিনি আরও জানান, আমদানির প্রক্রিয়া শুরুর জন্য ইতোমধ্যে বিপিসির চেয়ারম্যানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। এখন সরকার থেকে সরকার পর্যায়ে এলপিজি সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমদানি সম্ভব হলে বাজারে সরবরাহ বাড়বে এবং ভারসাম্য ফিরে আসবে।

উল্লেখ্য, সম্প্রতি দেশে এলপিজির তীব্র সংকট দেখা দেওয়ায় গত ১০ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিবের কাছে এলপিজি আমদানির অনুমতি চেয়ে চিঠি দেয় বিপিসি।

চিঠিতে বিপিসি উল্লেখ করে, দেশে এলপিজির বাজার পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটকালে সরকারিভাবে বাজারে হস্তক্ষেপের সুযোগ খুবই সীমিত। ফলে সরবরাহ ঘাটতি বা কৃত্রিম সংকট তৈরি হলে তা মোকাবিলায় সরকারের হাতে কার্যকর কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে না।

বিপিসির ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই সংস্থাটিকে এলপিজি আমদানির নীতিগত অনুমোদন প্রদান করেছে সরকার।

আরও পড়ুন