
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, এই দুই দেশের নেতারা ‘নোংরা অপরাধী’ এবং ইরানের ওপর চলমান হামলার জন্য তাদের ‘ভয়াবহ আঘাতের’ মুখে পড়তে হবে।
শনিবার থেকে শুরু হওয়া হামলার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য টেলিভিশন ভাষণ। এ সময় তিনি দেশটির সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অন্যতম হিসেবে সরাসরি জাতির উদ্দেশে বক্তব্য দেন।
টেলিভিশনে প্রচারিত ভাষণে গালিবাফ বলেন, “তোমরা আমাদের লাল রেখা অতিক্রম করেছ এবং এর মূল্য তোমাদের দিতেই হবে। আমরা এমন ধ্বংসাত্মক আঘাত হানব যে তোমরাই শেষ পর্যন্ত ক্ষমা ভিক্ষা চাইতে বাধ্য হবে।”
তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান নিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে। তার বক্তব্যে স্পষ্টভাবে প্রতিশোধমূলক পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যায়।
উল্লেখ্য, ইরানে চলমান হামলার প্রেক্ষাপটে দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
সূত্র: আল জাজিরা








