
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বর্তমানে রাজনৈতিক অঙ্গনেও সক্রিয়। এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পরিবার ঘিরে একটি সুখবর শেয়ার করেছেন তিনি। ছোট ছেলের বিয়ের খবর জানিয়ে পারিবারিক আনন্দঘন মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেছেন এই গায়ক।
এর আগে, তিন বছর আগে আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণর বিয়ে সম্পন্ন হয়। এবার তাঁর ছোট ছেলেও বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
বিষয়টি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেই নিশ্চিত করেন আসিফ আকবর।
স্ট্যাটাসে তিনি জানান, তাঁর ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লামিয়া তানজিম শ্রেয়সী। নববধূ লামিয়া তানজিম শ্রেয়সীর বাবা বাদল শাহরিয়ার। এবার আত্মীয়তা করেছেন ব্রাহ্মণবাড়িয়ায়।
আসিফ আকবর জানান, লামিয়া তানজিম শ্রেয়সী এখন তাঁদের পরিবারের নতুন সদস্য।
ছেলে ও পুত্রবধূ নতুন জীবনে পা রেখেছেন জানিয়ে আসিফ আকবর নবদম্পতির দাম্পত্য জীবন সুখী ও সুন্দর হোক—এমন কামনা করেন। একই সঙ্গে রুদ্র ও শ্রেয়সীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ বর্তমানে কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কর্মরত রয়েছেন। ছুটি না পাওয়ায় তিনি এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
পাশাপাশি বড় বৌমা ইসমাত শেহরীন ঈশিতাও পরীক্ষার কারণে টরন্টোতেই অবস্থান করছিলেন। তাঁদের অনুপস্থিতি খুব মিস করেছেন বলেও নিজের অনুভূতি প্রকাশ করেন আসিফ আকবর।
সবশেষে সবার উদ্দেশে ভালোবাসা জানিয়ে গায়ক লেখেন, “সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।”
আসিফ আকবরের এই স্ট্যাটাসে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন রুদ্র-শ্রেয়সী দম্পতি।










