রবিবার ১ মার্চ, ২০২৬

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - NCP
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)/ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই স্লোগানকে ধারণ করে প্রথম বর্ষপূর্তি পালন করছে দলটি।

দিনটি উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকেই দলটি রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে সক্রিয় অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের সঙ্গে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। প্রতিষ্ঠার মাত্র এক বছরের মাথায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করার মধ্য দিয়ে দলটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। শনিবার এক বছরে পদার্পণ করছে আলোচিত এই দল।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব কর্মসূচি তুলে ধরে জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি এনসিপির এক বছর পূর্তি উপলক্ষ্যে গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ নানা শ্রেণিপেশার মানুষকে নিয়ে আয়োজনটি সম্পন্ন করা হবে।

ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয় ইফতার মাহফিলের পাশাপাশি চিত্রপ্রদর্শনীর ব্যবস্থাও রাখা হয়েছে। গত এক বছরে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন–সংগ্রাম ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরতে ‘স্ট্রিট ওয়াল’ নামে একটি ধারাবাহিক প্রোমো প্রদর্শন করা হবে। অংশগ্রহণকারীদের জন্য থাকবে ফটো বুথের ব্যবস্থাও। বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়েও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী এবং ১১ মার্চ রংপুরে এসব আয়োজন অনুষ্ঠিত হবে। এনসিপি জানিয়েছে, বিভাগীয় কর্মসূচিগুলোতেও দলের নেতা–কর্মীদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন অঙ্গনের গুণীজনরা অংশ নেবেন।

আরও পড়ুন