
রাইজিং কুমিল্লা ডেস্ক

মেট্রোরেল স্টেশন এলাকা এবং ট্রেনের অভ্যন্তরে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জারি করা এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে—এখন থেকে অনুমতি ছাড়া মেট্রোরেলের স্থাপনায় যেকোনো ধরনের চিত্রধারণ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
নতুন নির্দেশনার আওতায় মেট্রোরেল স্টেশন, প্ল্যাটফরম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং চলন্ত ট্রেনের ভেতরে সব ধরনের ভিডিও ধারণ বা প্রচার নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে ইউটিউব বা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও নির্মাণ, লাইভ স্ট্রিমিং এবং বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি ও শুটিংয়ের ক্ষেত্রে এই নিয়ম কঠোরভাবে কার্যকর হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, অনুমতি ছাড়া এসব কর্মকাণ্ড পরিচালনা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি বাণিজ্যিক উদ্দেশ্যে মেট্রোরেল এলাকায় শুটিং বা ফটোগ্রাফি করতে চায়, তবে তাকে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করতে হবে। নির্ধারিত ফি প্রদান এবং নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করে আগেই অনুমতি সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে মেট্রোরেলের ভেতর ও স্টেশনে টিকটক বা রিলসের মতো ভিডিও তৈরির প্রবণতা বেড়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে অস্বস্তি ও অভিযোগ বাড়ছিল বলে জানা গেছে।
কর্তৃপক্ষের এই পদক্ষেপের ফলে যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হবে এবং প্ল্যাটফরমে শৃঙ্খলা ফিরবে বলে আশা করা হচ্ছে। নির্দেশনার যথাযথ বাস্তবায়নে স্টেশনগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং নিরাপত্তাকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC